১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেয়েকে আছড়ে হত্যা: প্রতিবেদন দাখিল ১ সেপ্টেম্বর

রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে আছাড় মারা হয় বলে অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 06:00 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, মামলার এজাহার শুক্রবার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তা গ্রহণ করে প্রতিবেদন জমার সময়সীমা ঠিক করে দেন।

৭ মাস বয়সি রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল জানান, আসামি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত। 

কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বৃহস্পতিবার বাবাতে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।