Published : 03 Sep 2026, 08:18 PM
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচার বহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
বঙ্গভবনে পুলিশ প্রধান (আইজিপি) আলী হোসেন ফকির বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে রাষ্ট্রপ্রধান তাকে এ নির্দেশনা দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বঙ্গভবনের এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর ও শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে বলেছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
এছাড়া আইজিপিকে অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজবসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি, মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলেন রাষ্ট্রপতি। এ ব্যাপারে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখতে এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।