১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনআইডি: ডেটাবেজে ডাক নামও রাখার পক্ষে এনআইডি উইং

বারবার এনআইডি সংশোধন ও সেবাসংস্থার এনআইডি তথ্য যাচাইয়ে ফি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ইসির।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 08:09 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ভোটার তালিকাভুক্তি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়ায় মূল ফরমে নাগরিকের ডাক নাম রাখার বিষয়টি যুক্ত করতে চায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

নির্বাচন কমিশনের এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর রোববার বলেছেন, এনআইডিতে ডাক নাম না থাকলেও পরিচয় শনাক্তের সুবিধার্থে জাতীয় তথ্য ভাণ্ডারে তা অনর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। 

বর্তমানে ভোটার তালিকায় আঠারো বছর বা তার বেশি বয়সী নাগরিক রয়েছে পৌনে ১২ কোটি। পাশাপাশি ১৬-১৭ বছর বয়সীদেরও এনআইডি সেবা দিচ্ছে নির্বাচন কমিশন।

নাগরিকদের সব তথ্য রয়েছে ন্যাশনাল ডেটাবেজে। নাগরিকদের এনআইডি সেবা পেতে নিবন্ধন ফরম-২ পূরণে ৪০-৪৫টি তথ্য পূরণ করতে হয়।

এনআইডি উইংয়ের ডিজি বলেন, “এনআইডিতে ডাক নাম রাখব–এটা চিন্তা করিনি আমরা। ডেটাবেজে যাতে ডাকনাম থাকে সে প্রস্তাব রাখছি।”

ডাক নাম নিয়ে বিড়ম্বনার কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকের ডাক নাম থাকে, আবার অফিসিয়াল নাম থাকে; দেখা যায় কারো কারো ডাক নামে এনআইডি হয়ে গেছে। পরে এসে অফিসিয়াল নামটা বসাতে চায়; অথবা ডাক নামে লোকজন তাকে চেনে, অফিসিয়াল নামে চেনে না এলাকার লোকজন।

“সেজন্য আমরা নিবন্ধন ফরমে ডাক নামটা যেন ইনক্লুড করতে পারি, সেজন্য নির্বাচন কমিশনে প্রস্তাব করছি। ডাক নামটা ডেটাবেজে থাকবে, যাতে তাকে সহজে চেনা যায়, আইডেন্টিফাই করা যায়। ইসির অনুমোদন পেলে ফরম-২ এ এটা করব আমরা।”

সংশোধন ও যাচাই ফি বাড়ানোর চিন্তা 

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কাযক্রম চালু করে তৎকালীন নির্বাচন কমিশন।

এর ধারাবাহিকতায় এনআইডি সংশোধন ফি নির্ধারণ করা হয়। পাশাপাশি সেবাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এনআইডি তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এককালীন নির্ধারিত ফি দিতে হয় এবং প্রতিবার তথ্য যাচাইয়ে ফি দিতে হয়।

এনআইডি উইংয়ের মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, “এআইডি সংশোধনের জন্য এখন একটা ফি দিতে হয়; এটা গ্র্যাজুয়ালি বাড়বে। এনআইডি সংশোধন একবার করার পর কোনো কারণে আরও কয়েকবার করল; কিন্তু ৫/১০ বা সংশোধন করা তো সমীচীন নয়। সবাই যেন সতর্ক হয় যেন বারবার আবেদন না করে এবং বারবার করলে তাকে বেশি ফি দিতে হবে।”

সার্বিক বিষয় চিন্তা করে এনআইডি সংশোধন বারবার করলে ফি বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে বলে জানান তিনি।

“এনআইডি সংশোধনের জন্য বেশি টাকা আরোপ করাও ঠিক হবে না; তেমনি একই লোক বারবার আবেদন করাও ঠিক নয়। এখনও কত টাকা ফি নির্ধারণ হবে তা চূড়ান্ত রূপ নেয়নি, ইসির অনুমোদন পেলে জানানো হবে।” 

এনআইডি সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ১৮৬টির বেশি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। এসব সংস্থা নাগরিকদের তথ্য যাচাইয়েও ফি দিয়ে থাকে।

আগামীতে সেবা সংস্থাগুলোর তথ্য যাচাই ফি (বর্তমানে প্রতিটি ২ টাকা) বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে জানিয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক বলেন, “অনেক বছর হয়ে গেল। তাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ইসি সব কিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।”

পুরনো খবর

১৬ বছর বয়সেই মিলবে এনআইডি

এবার ভোটার পৌনে ১৩ কোটি

হারানো এনআইডি পেতে লাগছে না জিডি

এনআইডি তথ্য যাচাইয়ে ৬ মাসে ২৫ কোটি টাকা আয়

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে

এনআইডি তথ্য যাচাইয়ে ৬ মাসে ২৫ কোটি টাকা আয়

এনআইডি কেন ছাড়তে চায় না ইসি?

এনআইডি: কার ভুলে এত দুর্ভোগ?