Published : 12 Jun 2026, 10:14 AM
ঢাকার শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানের সামনে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই ‘ছিনতাইকারীকে’ ধরেছে পুলিশ।
আহতরা হলেন- এসআই সামসুজ্জোহা ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন; আহত এসআই সামসুজ্জোহা শেরেবাংলা থানায় কর্মরত, তার সঙ্গে দায়িত্বরত কনস্টেবল হৃদয় পিওএমে কর্মরত আছেন।
তাদের দুইজনকেই বাম কাঁধে ছুরি মারা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১ টার দিতে জিয়া উদ্যানের সামনে অটোরিকশায় পালিয়ে যাওয়া তিন ছিতাইকারীকে ধরতে গেলে এ ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার এএসআই আব্দুল মোমিন জানিয়েছেন।
তিনি বলেন, “জিয়া উদ্যান গ্লাস ব্রিজের সামনে দিয়ে ৩ ছিনতাইকারী, ছিনতাই করে ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যাচ্ছিল। লোকজনের চিৎকার শুনে সে এলাকায় টহলরত পুলিশের দুই সদস্য বাইকে করে রিকশাটি ধাওয়া করে।
“একপার্যায়ে পুলিশের দুই সদস্যকে ছুরিকাঘাত করা হয়। তবে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছেন তারা।"
পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখান থেকে রাত আড়াইটার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে এসআই মোমিন জানিয়েছেন।
এদিকে সকালে ঢাকা মেডিকেল থেকে পুলিশের আহত দুই সদস্যকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়েছে। এসআই মোমিন জানিয়েছেন, রাজারবাগে চিকিৎসাধীন হৃদয় ও সামসুজ্জোহা এখন 'শঙ্কামুক্ত’ হয়েছেন।
তবে আটক দুই ছিনতাইকারীর নাম-পরিচয় জানাতে পারেননি এএসআই মোমিন।