গণমাধ্যমের তালিকাটি ভুয়া, জানালেন সমন্বয়করা
এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করা হয়েছে বলে জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে ‘অসহযোগিতা’ করা গণমাধ্যমের যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি ভুয়া বলে জানিয়েছেন আন্দোলনের দুই সমন্বয়ক।
তাদের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ‘মিডিয়া সতর্কবার্তা’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সেখানে মূলধারার অনেক সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে বলা হয়, “সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনে যে সকল মিডিয়া আমাদের অসহযোগিতা করছে তাদের কোন ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না দিতে আহ্বান জানানো যাচ্ছে। যারা এই সতর্কবার্তা জারির পরেও এদেরকে বিজ্ঞাপন বা অন্যকোনো ধরনের পৃষ্ঠপোষকতা প্রদান করবেন, তাদের পরিণতি অপমান-অপদস্ত এবং চাকুরিচ্যুতি ও পদ থেকে অপসারণ।”
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের বিজ্ঞপ্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেয়নি। এটা অপপ্রচারমূলক এবং ভুয়া।
“একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।”
এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
আরেক সমন্বয়ক সারজিস আলমও ফেইসবুকে ওই বিজ্ঞপ্তির ছবি দিয়ে সেটিকে ‘ভুয়া’ হিসেবে বর্ণনা করেছেন।
