২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টের বিচারক দেবাশীষ রায় চৌধুরী যে কারণে স্থায়ী হননি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুধবার ২২ বিচারপতিকে শপথ পড়াবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 03:05 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

হাই কোর্টের স্থায়ী বিচারপতি হতে দেবাশীষ রায় চৌধুরীকে ৪৫ বয়স পূর্ণ করতে হবে।  

গত বছর এক সঙ্গে নিয়োগ পাওয়া অপর ২২ অতিরিক্ত বিচারককে স্থায়ী করে মঙ্গলবার প্রজ্ঞাপন হয়েছে। তবে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায়, তার বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। 

রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দেবাশীষ রায়ের বয়স ৪৫ হওয়া সাপেক্ষে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী তাকে সুপারিশ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

২২ অতিরিক্ত বিচারকে স্থায়ী করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দান করেছেন। 

এই ২২ বিচারপতি হলেন মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৯ অক্টোবর এই ২২ জনসহ মোট ২৩ জন বিচারপতি হাই কোর্ট বিভাগর অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। 

পরবর্তীতে ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ জারি হয় এবং সে অধ্যাদেশ অনুসারে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হয়। 

সে দিন থেকে কার্যকর হওয়া এই অধ্যাদেশের অধীনে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগের বাধ্যবাধকতা থাকায় সুপ্রিম জুডিসিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল অধ্যাদেশের ৮ ধারা অনুসরণ করে এ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে।

এই ধারায় অধ্যাদেশটির ধারা ৬(২) এর বিধান আবশ্যিকভাবে অনুসরণের বিধান রয়েছে, সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে বলা হয়েছে, সুপারিশকৃত ব্যক্তির বয়স কোনোক্রমেই ৪৫ এর কম হবে না।

“ফলে অধ্যাদেশে বর্ণিত উক্ত বাধ্যবাধকতার কারণে ৯ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ গ্রহণ করা অপর বিচারক বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নাম সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগ সংক্রান্ত আজকের প্রজ্ঞাপনে নেই।” 

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া বিচারকদের তালিকা অনুসারে দেবাশীষ রায় চৌধুরীর জন্ম তারিখ ০১.০৩.১৯৮১ খ্রিস্টাব্দ। সেই হিসাবে তার বর্তমান বয়স ৪৫ বছরের কম; ১১ নভেম্বর ২০২৫ তারিখে (স্থায়ী করার দিন) তার বয়স হয় ৪৪ বছর ৮ মাস ১১ দিন।

এদিকে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২২ বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে।

আরও পড়ুন:

স্থায়ী হলেন হাই কোর্টের ২২ বিচারক