Published : 27 Jan 2025, 07:07 PM
সিলেটের ভোলাগঞ্জে রেলওয়ে বাংকার এলাকায় পাথর চুরি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংস্থাটির নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চুরির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করার কথাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক শাহাদাত হোসেন, হাবিলদার কাজী শাহাদাত হোসাইন ও সিপাহী আব্দুল হাই। তারা ভোলাগঞ্জ পাথর কোয়ারি বাংকার এলাকায় কর্মরত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয় বলছে, পাথর চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্টকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন বাংলাদেশ রেলওয়ে সিলেট অঞ্চলের একজন জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী।
কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকার পাথর চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেখানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যর মত দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।