Published : 25 Nov 2025, 08:33 PM
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লার এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২টার পর লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ঘর থেকে একটি ‘সুইসাইড নোটও’ পাওয়া গেছে।
আল আমিন হোসেন রায়হান (৩২) নামে সেই যুবক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি লাকসামের মুদাফ্ফরগঞ্জ বাজারসংলগ্ন নগরীপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, “যে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেই ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেখানে ‘আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়’ লেখা রয়েছে।”
পুলিশ বলছে, প্রায় ৭ মাস আগে বসুন্ধরার ই-ব্লকের ১৮ নম্বর সড়কের একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। ভবনটির অপর একটি ফ্ল্যাটে তার খালাত ভাই থাকেন।
ওসি রাকিবুল বলেন, “বাড়ির দারোয়ানের মাধ্যমে খবর পাওয়ার পর তার খালাত ভাইয়ের কাছে থাকা বিকল্প চাবি দিয়ে ঘর খুলে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি।”
রায়হান কিছুদিন আগে তার স্ত্রীকে তালাক দেন জানিয়ে ওসি বলেন, “আমরা জেনেছি স্ত্রীর তালাকের পর এক নারীর সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠে। ধারণা করা হচ্ছে পারিবারকি কোনো সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরেও আমরা তদন্ত করে দেখছি।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলেন জানান ভাটারা থানার ওসি।