২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: ভিসা প্রক্রিয়ার সময় বাড়ল

আগামী শনিবারের মধ্যে ভিসা কার্যক্রম শেষ করতে না পারলে এর দায় হজ এজেন্সিকে নিতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

হজ: ভিসা প্রক্রিয়ার সময় বাড়ল
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 11:13 AM

Updated : 26 Aug 2026, 09:33 AM

চলতি বছর হজযাত্রীদের জন্য ভিসা প্রক্রিয়ার সময় দ্বিতীয় দফা বাড়ানোর কথা জানাল ধর্ম মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে ভিসা কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফায় ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করতে না পারলে এর দায় এজেন্সিকে নিতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

হজযাত্রীদের ভিসার জন্য আবেদনে সময় নির্ধারিত ছিল ২৯ এপ্রিল। কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় প্রথম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়।

কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফায় সময় বাড়ান হল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮ জন, বাকিরা যাবেন বেসরকারিভাবে।

প্রতি বছরের মত এবারও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা খরচ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলোর সমিতি- হাব।