Published : 22 May 2026, 07:24 PM
পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকাল ৩টা থেকে মিরপুর ১০ নম্বরে সড়ক আটকে প্রায় তিন ঘণ্টা তারা বিক্ষোভ করেন। অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভের সময় পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের ফেইসবুক পেইজে বলা হয়, বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা কাজ করছেন। সবাইকে ধৈর্য ধারণ করে চলার অনুরোধ করে পুলিশ।
আবু রায়হান নামে স্থানীয় একজন দোকানকর্মী বলেন, বিকাল ৩টার দিকে ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। সন্ধ্যা ৬টার দিকে তারা সেখান থেকে সরে যান।
রায়হান বলেন, বিক্ষোভকারীরা রামিসা হত্যায় গ্রেপ্তার সোহেলের ‘দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তির’ দাবি করেন।
মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল রানা আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে পুলিশের ভাষ্য।

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও বিচারকাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসাদের বাসায়ও যান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িতে উঠতে যাওয়ার সময় সেখানে উপস্থিত লোকজন গাড়ি ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। বিক্ষুব্ধরা রামিসা হত্যায় গ্রেপ্তার সোহেলের ফাঁসি দাবি করেন।