০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্কুল, কলেজ, পলিটেকনিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে’ শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 09:03 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘাত আর প্রাণহানির প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সেখানে বলা হয়, “বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী। এই আন্দোলনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়।

দিনভর আন্দোলেনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সব বয়সী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। 

এই আন্দোলনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী, পথচারীসহ ছয়জনের প্রাণ গেছে।

দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারসমর্থক সংগঠনের কর্মীদের সংঘর্ষের এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

এর মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুইজন এবং রংপুরে একজন করে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় বিজিবি নামানো হয়েছে।