খেলাধুলার মাধ্যমে উরুগুয়েকে সেতুবন্ধন গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
“বাংলাদেশ তার যুব ও কর্মক্ষম মানবসম্পদ দিয়ে উরুগুয়েকে সহায়তা করতে পারে”, বলেন প্রধান উপদেষ্টা।
উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধন গড়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো এ. গুয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান বলে তার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে জানান, উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে অনেক সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র এখনও অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য সম্ভাবনা বয়ে আনতে পারে। তিনি বলেন, "সামাজিক ব্যবসায় বিশ্বে বাংলাদেশ অগ্রদূত, যা সত্যিই প্রশংসনীয়।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উরুগুয়ে বাংলাদেশে উল, সয়াবিন ও কৃষিসহ অন্যান্য পণ্য রপ্তানি করে। এই রপ্তানির পরিমাণ তুলনামূলক কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্যির প্রবৃদ্ধি দুই অংকে পৌঁছেছে।
রাষ্ট্রদূত গুয়ানি কৃষির পাশাপাশি সেমিকন্ডাক্টর, ড্রোন, স্যাটেলাইট ও আইটি ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি স্থানান্তরসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত চিহ্নিত করেন।
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ''খেলাধুলার প্রতি উভয় জাতির গভীর ভালোবাসা রয়েছে, বিশেষ করে ফুটবলের প্রতি। আমরা এই ভালোবাসার মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি। পাশাপাশি অন্যান্য খাতেও সহযোগিতা বাড়াতে পারি।"
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে তার দেশে তা প্রচার করার আহ্বান জানান। তিনি উরুগুয়ের নবায়নযোগ্য ও ক্লিন এনার্জি খাতে সহযোগিতার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ ও উরুগুয়ে পারস্পরিক প্রতিযোগিতামূলক সুবিধা কাজে লাগিয়ে সম্পর্ক সুদৃঢ় করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ তার যুব ও কর্মক্ষম মানবসম্পদ দিয়ে উরুগুয়েকে সহায়তা করতে পারে, আর উরুগুয়ে প্রযুক্তি ও দক্ষতা সরবরাহের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করতে পারে।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরামর্শ দেন।
সাক্ষাতের সময় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
