জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের ‘সমর্থন’
আগামী ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সেশনের সভাপতি পদের নির্বাচন হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পক্ষে ব্রাজিলের সমর্থন পাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতে ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এই সমর্থনের কথা জানান।
জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সেশনের সভাপতি পদের নির্বাচন হবে। আঞ্চলিকভাবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি হওয়ার কথা।
সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার এ নির্বাচনের জন্য তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল।
একইপদে ফিলিস্তিনের প্রার্থী থাকার কারণে বাংলাদেশ প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি। এরপর ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার হলে বাংলাদেশের প্রার্থিতা পুনর্জ্জীবিত হয়।
এর মধ্যে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রীর বদলে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।
সভাপতি পদে নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
এর মধ্যে জাতিসংঘে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দিয়েছে ওআইসি। প্রার্থিতার পক্ষে ভারতের সমর্থনের তথ্য এসেছে সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে ঢাকায় দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ থেকেও।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে ওই সাক্ষাতে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হওয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
আর্জেন্টিনারও সমর্থন চেয়েছে ঢাকা
এদিকে, ঢাকায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসার সঙ্গে পৃথক সাক্ষাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে দেশটির সমর্থন চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানান।
“সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাতে সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।”
৪০ বছর আগে একবার জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী। ১৯৮৫-৮৬ বর্ষে ৪১তম সেশনের জন্য তাকে সভাপতি প্রার্থী করেছিল হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার।
