মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করার আদেশ বহাল
এ বিষয়ে হাই কোর্টের জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার বংশালের মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করে দেওয়া হাই কোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে হাই কোর্টের জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরাদ রেজা। অপরপক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও অনীক আর হক। সঙ্গে ছিলেন আইনজীবী উৎপল বিশ্বাস।
হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট মামলা করেছিলেন তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মনোজ কান্তি ভৌমিক ও উৎপল বিশ্বাস।
ওই রিট আবেদনের শুনানি শেষে গত ১৩ জুন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ উচ্ছেদ অভিযানের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করে। রুলসহ ওই আদেশ বসবাসের বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করতে ডিএসসিসিকে নির্দেশ দেওয়া হয়।
রুলে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। তখন চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।
এরপর হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে সিটি করপোরেশন। পরে চেম্বার আদালত হাই কোর্টের আদেশের বিষয়ে ‘নো অর্ডার’ দেয়।
এর মধ্যেই বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নতুন করে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়। এজন্য হরিজন কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করতে মঙ্ঘলবার সংশ্লিষ্টদের চিঠি দেয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলকে এ বিষয়ে সহায়তা করতে বলা হয়।
বুধবারই হরিজনদের পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। শুনানি শেষে আপিল বিভাগ মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযানের ওপর স্থিতাবস্থা জারি করে।
আইনজীবী মনোজ কান্তি ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আপিল বিভাগে একটি আবেদন করে। শুনানি নিয়ে আপিল বিভাগ বিষয়টি হাই কোর্টে দুই মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন।”
ব্রিটিশ আমলে ভারত থেকে আসা এই হরিজন সম্প্রদায়ের লোকজন বহু বছরে ধরে এই কলোনিতে বসবাস করে আসছেন। মিরনজিল্লা সুইপার কলোনিতে বর্তমানে প্রায় চার হাজার মানুষের বাস।
এই কলোনির একটি অংশের আধুনিক কাঁচাবাজার নির্মাণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এজন্য সেখানে থাকা স্থাপনা উচ্ছেদে গত সোমবার গিয়েছিলেন সংস্থাটির কর্মকর্তারা। তারা হরিজন সম্প্রদায়ের তীব্র আপত্তি ও বাধার মুখে পড়েন।
