২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৪৪তম বিসিএস: ৭৫ প্রার্থীর মৌখিক পরীক্ষা পেছাল

এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ধাপে ধাপে আয়োজন করছে পিএসসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 06:53 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। 

আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদিনের মৌখিক পরীক্ষা আগামী ৬ মার্চ হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বুধবার সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের কারিগরি ও পেশাগত উভয় ক্যাডারের ৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল দশটায় অনুষ্ঠিত হবে। 

“বিষয়টি জানিয়ে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।”

এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ধাপে ধাপে আয়োজন করছে পিএসসি। 

প্রথমবারে মৌখিক পরীক্ষার প্রক্রিয়া বাতিল ঘোষণার পর গেল ২২ ডিসেম্বর থেকে ফের শুরু হয় ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা।

প্রথম ধাপে কারিগরি ও পেশগত ক্যাডারের পদের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গেল ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। আর দ্বিতীয় ধাপে সাধারণ ও কারিগরি বা পেশগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের ১ হাজার ৮৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। 

তৃতীয় ধাপে গত ৯ ফেব্রুয়ারি থেকে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার শুরু হয়েছে। 

২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

ক্ষমতার পট পরিবর্তনের পর ‘ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবগঠিত পিএসসি।

৪৪তম বিসিএস: আরও ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৪তম বিসিএস: আরও ১৮৬০ প্রার্থীর ভাইভা ৫ জানুয়ারি থেকে