Published : 05 Jun 2026, 12:05 AM
ভারতের রাজধানী দিল্লির ‘ফ্লোরিশ স্টে বিএনবি’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২২ জনের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন।
ঘটনার সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে দিল্লির বাংলাদেশ হাই কমিশন তাদের ফেইসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, নিহত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নুরুল আমিন (৪৪)।
হাই কমিশন তার মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রক্রিয়া ও সহযোগিতা চালিয়ে যাচ্ছে বলে এতে তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, “বুধবার সকালে ঘটে যাওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা এই দুটি পরিবারই মূলত কাছের ম্যাক্স হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে দিল্লিতে এসেছিলেন।
“নয়া দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ও তাদের পরিবারগুলোর সঙ্গে হাই কমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। সকালে ভারতে বাংলাদেশের হাই কমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন সব বাংলাদেশি নাগরিককে দেখতে যান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
“যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং রোগীদের ও হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালেই অবস্থান করছেন।”
ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছে বলে বিবৃতিতে বলা হয়।
এর আগে দুপুরে এক বিবৃতিতে হাই কমিশন দিল্লির দক্ষিণ অংশের মালভিয়া নগরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ বাংলাদেশি আহত হওয়ার খবর দিয়েছিল। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।