১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দিল্লির হোটেলে আগুন: ৮ বাংলাদেশি আহত, ‘গুরুতর’ ৩

অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 02:52 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

দিল্লির মালভিয়া নগরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় আট জন বাংলাদেশির আহত হওয়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন; তাদের মধ্যে তিনজনের অবস্থা ‘গুরুতর’ বলেছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন; তবে আহতদের নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, “ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মোতাবেক, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।”

‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের  ওই পাঁচতলা হোটেলে আগুন লাগে বুধবার সকালে। এদিকে বিকালে বিবৃতিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন পাঁচ বাংলাদেশির আহত হওয়ার তথ্য দিয়েছিল। আরও জানিয়েছিল তাদের মধ্যে  তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতাল এবং বাকি দুজন সফদারজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদের হতাহত হওয়ার তথ্যও বিবৃতিতে দিয়েছে হাই কমিশন। 

হাই কমিশন বলেছে, তাদের মধ্যে ভারতীয় ৯ নাগরিক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এছাড়া, মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন মারা গেছেন

আর আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। 

“সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।”

বিবৃতিতে বলা হয়, “ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে আহত বাংলাদেশি ব্যক্তিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। বাংলাদেশ হাই কমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে।”

হাই কমিশন বলেছে, চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের জন্য তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

“আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ইনফেকশন প্রতিরোধের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের এই জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”

আরও পড়ুন-

দিল্লির হোটেলে আগুনে হতাহতের মধ্যে ‘বাংলাদেশিও আছেন’