২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ মেগান বোল্ডিনের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

দেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ মেগান বোল্ডিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। শুরু থেকেই বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র।

“প্রশিক্ষণ ও সরঞ্জাম  সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হয়েছে।”

বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে মেগান বোল্ডিন বলেন, “প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে জঙ্গিবাদ বলে অভিহিত করা হয়েছিল। তারপরও বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইনে যৌন হয়রানি প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ না থাকার তথ্য মেগান বোল্ডিনকে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “তবে মাঝেমধ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মিটিং-মিছিলের চেষ্টা করে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে। শুধু সন্ত্রাসবাদ নয়, যেকোনো ধরনের অপরাধ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জোস পোপ উপস্থিত ছিলেন।