Published : 30 Dec 2025, 05:01 PM
পৌষের মাঝামাঝি এসে জেঁকে বসা তীব্র শীত মঙ্গল ও বুধবারও অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার থেকে তাপমাত্রা 'কিছুটা' বাড়ার আভাস দিয়ে অধিদপ্তর বলছে, ওইদিন থেকে শীতের তীব্রতা ‘খানিকটা কমতে পারে’, তবে পুরোপুরি চলে যাবে না। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমবে।
মঙ্গলবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সারাদিনই তা চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মধ্য পৌষে এসে অনেকটা জেঁকে বসেছে শীত। কুয়াশাচ্ছন্ন দেশের বেশিরভাগ অঞ্চলে সূর্যের দেখা মিলছে না।
সহকারী আবওহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশাচ্ছন্ন আকাশে কয়েকদিন সূর্যের দেখা না মেলায় দেশের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য অনেকটাই কম। তাই তীব্র শীত অনুভূত হচ্ছে।
"আরও দুদিন শীতের এমন তীব্রতা থাকবে। বৃহস্পতিবার থেকে দেশের কিছু অংশে দিনের মধ্যভাগে কুয়াশা কিছুটা কেটে সূর্যের দেখা মিলবে। তাই ওইদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যাবধান বেড়ে ওইসব এলাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হবে।"
সোমবার দেশের কোথাও শৈতপ্রবাহ বইছে না জানিয়ে তিনি বলেন, "আগামী কয়েকদিন কোথাও শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।"
আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচ দিনের আবওহাওয়ার পূর্বভাসে অধিদপ্তর বলছে, মঙ্গলবার সারাদেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধ থেকে শনিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এই পাঁচদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে; কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গল ও বুধবার কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং বুধবার সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুই দিন শীতের অনুভূতি বেশি থাকতে পারে।
বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। শুক্র ও শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এরপরের ৫ দিনের শেষ দিকে রাত ও দিনের তাপমাত্রা ফের কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।