১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে ‘কঠোর নজরদারির’ নির্দেশ ঢাকা বোর্ডের

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে এই বার্তা এল।

শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে ‘কঠোর নজরদারির’ নির্দেশ ঢাকা বোর্ডের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 07:13 PM

Updated : 26 Jul 2023, 07:13 PM

শিক্ষকরা যাতে শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করেন তা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটিকে ‘কঠোর নজরদারি’ চালানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, “ঢাকা বোর্ডের অধীন স্কুল ও কলেজের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট সদস্য মহোদয়গণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, স্কুল/কলেজের শিক্ষার যথাযথ পরিবেশ, নিয়মিত ক্লাস অনুষ্ঠান এবং নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক/কর্মচারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ও শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কঠোরভাবে নজরদারি করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

দেশের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার বৃহত্তর স্বার্থে বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে এ ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার একান্ত সহযোগিতাও কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে অনুমোদন ছাড়া স্কুলে অনুপস্থিত থাকায় ৩৪ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে অননুমোদিতভাবে যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকবেন, তাদের তালিকা প্রতিদিন পাঠানোর নির্দেশনা দেয় অধিদপ্তর।

গত ১১ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা।