২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য-বিনিয়োগে প্রাধান্য

পেনি ওং বলেন, “শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করব।”

মঙ্গলবার আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য-বিনিয়োগে প্রাধান্য
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার আগ্রহ নিয়ে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসবেন তিনি। এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী; আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন হাছান মাহমুদও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে পেনি ওং বলেন, “শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করব।”

“ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর এই সময়ে বাংলাদেশে আমার প্রথম সফর করতে পেরে আমি আনন্দিত।”

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীরের কাজ করছে অস্ট্রেলিয়া। পাশাপাশি কাজ করছে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা এবং মানবপাচারের মতো অভিন্ন চ্যালেঞ্জের কার্যকর সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রেও।

ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনার জন্য প্রতীক্ষা করার কথা বলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের বেশ ভালো সংযোগ রয়েছে। বাংলাদেশের ৫০ হাজারে বেশি মানুষ অস্ট্রেলিয়ায় বসবাস করেন।”

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা তুলে ধরেন পেনি ওং বলেন, “অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা কীভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবিক সহযোগিতা করছে সেখানে আমি তা দেখব।

“বাস্তুচ্যুতির কারণ তুলে ধরা, সমস্যার স্থায়ী সমাধান খোঁজা এবং চূড়ান্ত বিচারে রোহিঙ্গাদের ঘরে ফেরার লক্ষ্য পূরণে বৈশ্বিক উদ্যোগের অংশ হিসাবে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার মানবিক সহায়তা।”

পেনি ওংয়ের সফরের আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সোমবার বলেছেন, দ্বিপাক্ষিক বিষয়াবলীর মধ্যে, বিশেষত বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতার বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।