বিতর্কের মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে খবর আসার পর তার নিয়োগ বাতিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার সিলভিয়াসহ চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু সিলভিয়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে খবর আসার পর তার নিয়োগ ওইদিনই বাতিল করা হয়।
বৃহস্পতিবার চার প্রসিকিউটরের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সিলভিয়ার নিয়োগ নিয়ে ফেইসবুকে সমালোচনা করেন অনেক আইনজীবী। তার বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ হিসেবে কাজ করার অভিযোগ আনেন তারা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাদের সঙ্গে তার বেশ কয়েকটি ছবিও ফেইসবুকে প্রকাশ করা হয়।
পরে আইন মন্ত্রণালয় তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগ পাওয়া অন্য তিন প্রসিকিউটর হলেন মো মামুনুর রশীদ, আবদুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম।
