১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় আরো ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল

এর আগে দুই দফায় সাত দিন রিমান্ডে পাঠানো হয় সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 04:34 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে আরো পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের আদেশ দেন। 

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য জানিয়েছেন। 

গত বৃহস্পতিবার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। সোমবার তাকে আরো তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তুলে আরো সাত দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার । 

রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল করে জামিন আবেদন আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন।

পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। 

নিউ মার্কেট থানার এ মামলায় বাদী হন তার শ্যালক আব্দুর রব। এতে আসামি করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ  ১৩০ জনকে।