২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা স্থগিত, সূচি পরে

সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সূচি পরে জানানো হবে।

এইচএসসি পরীক্ষা স্থগিত, সূচি পরে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 03:39 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত করার  কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সূচি পরে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “আগামী ১১ অগাস্ট থেকে অনুষ্ঠিত এইচিএসসি ও সমমান পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ”

এর আগে মঙ্গলবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আমাদের অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এইচএসসি পরীক্ষার প্রশ্ন পুড়ে গেছে। এ অবস্থায় ১১ তারিখ থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না।"

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতেই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। 

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ অগাস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ অগাস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

বার বার স্থগিতের পর ১১ অগাস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সেটিও পিছিয়ে গেল।