১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উত্তর-পশ্চিমে নদ-নদীর পানি বাড়ার আভাস

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

দেশের ভেতরে এবং উজানের অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র।

রোববার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ৩১ অগাস্ট সকাল ৯টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং উজানের অববাহিকায় মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আর, তৃতীয় দিন অর্থাৎ ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত দেশের উপকূলীয় অঞ্চলে, চট্টগ্রাম বিভাগে ও তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতলও বৃদ্ধি পেয়েছে, তবে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে; পরে চতুর্থ ও পঞ্চম দিন স্থিতিশীল থাকতে পারে; এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, এসব নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহরি, সেলোনিয়া ও গোমতী নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে।

এসব নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে; তবে দ্বিতীয় ও তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মুহুরী নদী বিপৎসীমা অতিক্রম করে ফেনী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রংপুর বিভাগের দুধকুমার ও ধরলা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; অপরদিকে তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে, তবে দ্বিতীয় ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে।

এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগের আপার-আত্রাই, আত্রাই, পুনর্ভবা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; অপরদিকে, করতোয়ার উজানে পানি সমতল স্থিতিশীল আছে।

আত্রাই ও করতোয়ার উজানে পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এছাড়া আত্রাই নদীর ভাটিতে পানি সমতল আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।