১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শীত বেড়েছে, তবে শুরু হয়নি শৈত্যপ্রবাহ

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনেক এলাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

রাজধানীসহ দেশের অনেক জায়গায় হুট করে শীত পড়েছে। পৌষের প্রথমার্ধে উত্তরী হাওয়া ও কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আর ঢাকায় সর্বিনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ বলেন, “আজ রাজধানীসহ দেশের প্রান্তিক এলাকায় নদীর অববাহিককায় কুয়াশা বেশি রয়েছে, এসময় সূর্যের দেখাও দেরিতে মিলছে; সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনেক এলাকায়। এতে উত্তরী হাওয়ায় শীতের অনুভূতির তীব্রতা বেশি।”

বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকলে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে এবং তা দুদিনের বেশি স্থায়ী হলেই শৈত্যপ্রতাহ বয়ে হয়ে থাকে।

তবে এদিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ বিরাজ করছে না বলেও জানান আবুল কালাম মল্লিক। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পযন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা বিরাজ করবে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিন ভোর ৬টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি। আর টেনকাফে সর্বোচ্চ ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।