১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতিরঝিলে চক্রাকার বাসে র‌্যাপিড পাসে ভাড়া

“বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে হয়েছে সেটাই আমরা চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, তা হল সড়কে গতি বৃদ্ধি করা।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার হাতিরঝিলের চক্রাকার বাস সেবায় র‌্যাপিড পাস চালু হয়েছে। এর ফলে কোনো বাসে চড়ার সময় কার্ড পাঞ্চ করলেই ভাড়া দেওয়া হয়ে যাবে।

রোববার হাতিরঝিলের এফডিসি কাউন্টারের কাছে চক্রাকার বাস সেবার কাউন্টারের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, “পৃথিবীর কোনো দেশে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বাসে কন্ডাক্টর ভাড়া আদায় করে না। বাংলাদেশে দেরিতে হলেও র‌্যাপিড পাসের মাধ্যমে ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হল।

“আমাদের এখানে টিকেটের জন্য একটা বড় লাইন হয়। ওই লাইন যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনি বাস স্টপেজে যাবেন, সেখানে স্মার্টকার্ড ব্যবহার করে মেশিন থেকে টিকেট কিনে নেবেন। এখন নানা উপায়ে, মোবাইলের অ্যাপ ব্যবহার করেও টিকেট কেনা যায়।”

র‍্যাপিড পাস হল স্মার্ট কার্ডভিত্তিক একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা। বাংলাদেশে ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র‍্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হয়। তবে এখনো তা বড় পরিসরে কাজে লাগনো যায়নি।  

উপদেষ্টা বলেন, “বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে হয়েছে সেটাই আমরা চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, তা হল সড়কে গতি বৃদ্ধি করা। যাতে মানুষের সময় কম লাগে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার।