২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

“গ্রিন এনার্জি, সৌরশক্তি, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদি সহযোগিতা রয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদেরকে বলব”, বলেন তিনি

তিন দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 12:01 AM

Updated : 26 Aug 2026, 09:53 AM

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ‘রাজনৈতিক মতবিনিময়ে’ যোগ দিতে সৌদি আরব সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনদিনের সফরে সোমবার ভোরে তিনি রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার বিকালে জাতীয় সংসদে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, “সৌদি আরব আমাদের বড় উন্নয়ন সহযোগী। সেখানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস করে এবং দেশে রেমিটেন্স পাঠায়। 

“গ্রিন এনার্জি, সৌরশক্তি, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে সৌদি সহযোগিতা রয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য আমরা তাদেরকে বলব।”

সৌদি নাগরিকরা যেহেতু বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ রাখে, বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর অ্যাকাউন্টে অর্থ রাখার প্রস্তাবও তাদেরকে দিতে পারেন হাছান।

“তারা নিয়মানুযায়ী লাভ পাবে এবং সেই অ্যাকাউন্ট থেকে তারা তাদের মুদ্রায় লেনদেন করতে পারবে। বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশিদের জন্য অফশোর অ্যাকাউন্ট সুবিধার জানলা আমরা উন্মুক্ত করেছি, এটি আমরা তুলে ধরতে চাই।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ থেকে -৩ জুলাইয়ের এই সফরে সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময়েও যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলামও ‘পলিটিক্যাল কনসালটেশনে’ অংশ নেবেন।