আহতদের চিকিৎসা দিতেও ‘বাধা দিয়েছে’ আওয়ামী লীগ, সাক্ষ্য দিলেন চিকিৎসক
এসব ঘটনার জন্য শেখ হাসিনা এবং তার সহযোগীদের দায়ী করে ন্যায়বিচার চেয়েছেন ডা. হাসানুল বান্না।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত বছরের ১৯ জুলাই ‘আওয়ামী লীগের লোকজন’ কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্স বের হতে বা ঢুকতে দেয়নি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন একজন চিকিৎসক।
বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ নিজের জবানবন্দি তুলে ধরেন ডা. হাসানুল বান্না। ২০১৯ সাল থেকে তিনি কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এ আদালতে।
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ১৮, ১৯ ও ২০ জুলাই এবং অগাস্টের ২, ৩, ৪ ও ৫ তারিখ এবং পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অসংখ্য ছাত্র জনতাকে চিকিৎসা দেওয়ার কথা আদালতে দেওয়া জবানবন্দিতে তুলে ধরেন ডা. বান্না।
তিনি বলেন, ১৮ জুলাই দুপুরের পর থেকে তাদের হাসপাতালে ‘অসংখ্য’ আহত ব্যক্তি আসতে শুরু করে। তারাও চিকিৎসা দেওয়া শুরু করেন। আহতদের অনেকের অপারেশন করতে হয়।
“সেদিন সন্ধ্যার পর পুলিশ ও স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা হাসপাতালে এসে চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে এবং রোগী ভর্তি করতে নিষেধ করে। রোগীর ভর্তি রেজিস্ট্রার চেক করে এবং রোগীদের তালিকা নিয়ে যায়।
“১৯ জুলাই সকাল থেকে যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা হাসপাতালের গেইট অবরোধ করে চেয়ার নিয়ে সারাদিন বসে ছিল। কোনো রোগী হাসপাতালে ঢুকতে দেয়নি। সেদিন তারা হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি এবং বের হতেও দেয়নি।”
ডা. বান্না জানান, তাদের হাসপাতালের এক টেকনোলজিস্টের স্বামী মোস্তাকিন বিল্লাহ ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মাথায় গুলিবিদ্ধ হন। তিনি নিজেও ইনোভা ডায়াগনেস্টিক সেন্টারে টেকনোলোজিস্ট হিসেবে কাজ করতেন।
“মোস্তাকিন বিল্লাহকে বিকল্প পথে আমাদের হাসপাতালে ঢুকিয়ে পরে ভর্তি করা হয়। তার জরুরি অপারেশনের প্রয়োজনে নিউরো সার্জন আনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজন থাকলেও আওয়ামী সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি।
“পরে তাকে বিকল্প পথে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে ভর্তি নেয়নি। পরে তাকে ইবনে সিনা ধানমন্ডি শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”
ডা. বান্না বলেন, ১৮ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত তাদের হাসপাতালে আসা গুলিবিদ্ধ রোগীদের ভিন্ন নামে এবং ভিন্ন রোগ লিখে লুকিয়ে রেখে, পুলিশের নজরদারী এড়িয়ে, সাধারণ ওয়ার্ডে না রেখে পোস্ট অপারেটিভ, আইসিইউ, বিশেষ কেবিনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দেন তারা।
এ সব ঘটনার জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী মনে করেন এবং এসব ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।
হাসানুল বান্না ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ডা. মাহফুজুর রহমান, ওই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন এবং গত বছরের ৫ অগাস্ট চানখাঁরপুলে নিহত শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
এ দিনে এই মামলায় মোট ১৬ জন সাক্ষ্য দিলেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছেন ট্র্যাইব্যুনালের চেয়ারম্যান।
