সপ্তাহজুড়ে ‘থাকবে’ বৃষ্টি
বৃষ্টির কারণে ময়মনসিংহ জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্রের পানি বাড়ছে।
রাজশাহী ছাড়া দেশের সব বিভাগেই সপ্তাহজুড়ে কম-বেশি বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এরপর গরম কিছুটা বাড়বে।
আর বৃষ্টি-গরমের এই পর্ব শেষে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের দেখা মিলতে পারে দেশে।
সোমবার দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহীতে একটু কম বৃষ্টি হতে পারে। এছাড়া সব বিভাগেই আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই এক পশলা-দুই পশলা করে বৃষ্টিপাত হবে। এরপর কিছুটা গরম পড়বে।
“তবে, বৃষ্টির পরপরই শীত পড়ার আভাস নেই। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে শীত নামতে শুরু করবে।”
সোমবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়। এর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে।
এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ভোলায় দেশের সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া তাড়াশে ৩৮ এবং রাজশাহীতে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দুই নদীর পানি বিপৎসীমার উপরে
ময়মনসিংহে গত কয়েকদিন ধরে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া ভুগাই নদীর পানি নিচে নামলেও নতুন করে সোমেশ্বরী নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বাড়ছে।
অপরদিকে, ভুগাই ও সোমেশ্বরী নদীর পানি সমতল কমছে এবং কংস নদীর পানি স্থিতিশীল রয়েছে।
সোমবার সকাল ৯টায় নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এছাড়া জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর পানি ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে গোয়ালকান্দা পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বুলেটিনে বলা হয়েছে, আগামী তিন দিন ময়মনসিংহ বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারি বৃষ্টিপাতের প্রবণতা কম।
এর প্রেক্ষিতে, আগামী তিন দিন পর্যন্ত ভুগাই নদীর পানি কমতে পারে এবং শেরপুর, ময়মনসিংহ জেলার ভুগাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এছাড়া, আগামী তিন দিন নেত্রকোণা জেলার কংস ও সোমেশ্বরী নদীর পানিও কমতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অপরদিকে, আগামী এক দিন জামালপুর জেলার জিঞ্জিরাম নদীর পানি সমতল ধীর গতিতে বাড়তে পারে; পরবর্তী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী একদিন কমতে পারে।
এর প্রেক্ষিতে, আগামী দুই দিন পর্যন্ত জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী এক দিন ধীর গতিতে উন্নতি হতে পারে।
কেন্দ্রের তথ্য বলছে, রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যমুনা নদীর পানি বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী পাঁচ দিন পর্যন্ত নদ-নদীর পানি বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বাড়ছে। অপরদিকে গোমতী, মুহুরী, ফেনী নদীর পানি কমছে এবং হালদা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃষ্টিপাতের প্রবণতা কম থাকায় আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের এই সব নদীর পানি কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে কেন্দ্র বলছে, আগামী দুই দিন পর্যন্ত অমাবস্যার কারণে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি জোয়ার পরিলক্ষিত হতে পারে।
