১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারিন্দা মোড়ে সড়ক ধসে যান চলাচল বন্ধ, মেরামতে লাগবে ‘এক সপ্তাহ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ মেরামত কাজ শুরু করলেও স্থানীয় বাসিন্দাদের সপ্তাহখানেক ভুগতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 05:47 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ওয়াসার পানির পাইপ ফেটে মাটি সরে যাওয়ায় রাজধানীর ধোলাইখালের নারিন্দা মোড়ে সড়ক ধসে যানচলাচল বন্ধ রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ মেরামতের জন্য কাজ শুরু করলেও স্থানীয় বাসিন্দাদের সপ্তাহখানেক ভুগতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা রজ্জব আলী জানান, রোববার দিনভর টানা বৃষ্টির মধ্যে বিকালের দিকে হঠাৎ করে সড়ক ধসে নিচে নেমে যায়। তাতে সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। পরে সেই গর্তের আশপাশও ধসে পড়ে।

দুর্ঘটনা এড়াতে পুলিশ ওই এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। ওই পথ দিয়ে যান চলাচলও বন্ধ রাখা হয়। 

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করার পর মেরামত কাজ শুরু হয়।

ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তার নিচে থাকা ওয়াসার বেশ পুরোনো একটি পাইপ লিক করেছিল। সেখান থেকে পানি বের হওয়ায় রাস্তার নিচের মাটি সরে যায়। 

“ফলে সড়কটি ধসে পড়ে। আমরা কাজ শুরু করেছি। পুরোপুরি মেরামত করতে সপ্তাহখানেক সময় লাগবে।"