Published : 18 Dec 2025, 08:48 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসতে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আবেদনে এক মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ভোটে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, সংস্থা ও সংবাদমাধ্যমকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়ে তাদের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
আগ্রহীদেরকে এ সংক্রান্ত নীতিমালা মেনে আবেদন করতে বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।
এবার ভোটকে সামনে রেখে বর্তমান ইসি ৮১টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে। পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাযোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়েছে।
দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
ইসি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে নোটিসে বলেছে, এ বিষয়ে কোনো প্রশ্ন বা তথ্যের প্রয়োজন হলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগে যত দেশি-বিদেশি পর্যবেক্ষক
>> সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ৪০টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের ২০ হাজার ২৫৬ জনকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়।
>> ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করে ৮১টি দেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি। এছাড়া ৩৮ জন (ফেমবোসা, এএইএ, ওআইসি ও কমনওয়েলথ থেকে আমন্ত্রিত) বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন বিদেশি মিশনের ৬৪ জন কর্মকর্তা এবং দূতাবাস ও বিদেশি সংস্থায় কর্মরত ৬১ জন ভোট পর্যবেক্ষণ করেন।
>> ২০১৮ ও ২০১৪ সালে একাদশ ও দশম সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠায়নি। পরে এ দুটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নও তুলেছিল তারা।
>> দশম সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় পর্যবেক্ষকও কম ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনে মাত্র চারজন বিদেশি এবং স্থানীয় ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন ভোট পর্যবেক্ষণ করেন।
>> নবম সংসদ নির্বাচনে ২০০৮ সালে ৫৯৩ জন বিদেশি এবং ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি ভোট পর্যবেক্ষণ করেন।
বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘১৭৫ থেকে ২০০ জন’ পর্যবেক্ষক পাঠাবে।
ইইউ ছাড়া এখন পর্যন্ত তুরস্ক থেকে এবং আরও দুই-একটি সংস্থা থেকে পর্যবেক্ষণের বিষয়ে প্রস্তাব এসেছে।
ভোটে পর্যবেক্ষক সংস্থার আবেদনের সময় আর এক সপ্তাহ