১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা বিসর্জনের দিন সারা দেশে র‌্যাবের ‘বিশেষ নিরাপত্তা’

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে: আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

প্রতিমা বিসর্জনের দিন সারা দেশে র‌্যাবের ‘বিশেষ নিরাপত্তা’

রাজধানীর গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 02:22 PM

Updated : 23 Oct 2023, 02:52 PM

শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের দিন মঙ্গলবার সারা দেশের মণ্ডপসহ সব জায়গায় ‘বিশেষ নিরাপত্তার’ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। ‘নিরাপত্তা বিবেচনায় প্রযোজনীয় সবকিছু করা হবে’ বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

সোমবার দুপুরে রাজধানীর গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এখনও যতটুকু সময় আছে সেটি ধরে প্রতিমা বিসর্জনে র‍্যাব সারাদেশে স্পেশাল নিরাপত্তা দেবে।”

ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুক্রবার থেকে পাঁচ দিনের যে যে দুর্গোৎসব শুরু হয়েছিল, মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। দেশজুড়ে ৩২ হাজার ৪০৭টি মন্দির-মণ্ডপে পূজা হচ্ছে এবার।

বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের এই আয়োজনকে ঘিরে ঘিরে গত ১৬ অক্টোবর থেকে র‍্যাব ‘জোরাল নিরাপত্তা ব্যবস্থায়’ আছে জানিয়ে আল মঈন বলেন, “সারাদেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে ৪ হাজারের বেশি কর্মী সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র‍্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করেছে।”

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। এক শ্রেণির ‘স্বার্থান্বেষী মহল’ গুজব ছড়ানোর চেষ্টা করে জানিয়ে তিনি বলেন, “তাদেরকে আইনের আওতায় আনতে র‍্যাবের সাইবার ইউনিট কাজ করছে।”

এবারের পূজায় র‍্যাব দায়িত্ব পালনে এখন পর্যন্ত ‘সফল’ দাবি করে র‌্যাব পরিচালক বলেন, “সদরদপ্তর থেকে এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে র‍্যাব কী ভাবছে প্রশ্নের জবাবে মঈন বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিগত সময়ে দেখেছি বিভিন্ন দল তাদের কর্মসূচি পালন করে আসছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে লালন করে দেশের জনগণ ও রাষ্ট্রের সম্পদের নিরাপত্তার জন্য কাজ করে যাবে র‍্যাব।”