Published : 16 Apr 2026, 08:27 PM
কোনো ধরনের ‘বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন’ ছাড়া আসন্ন ঈদ-উল-আযহার আগে ঢাকা শহর থেকে হকার উচ্ছেদ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
বৃহস্পতিবার এ দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে ইউনিয়নের ৭ সদস্যের প্রতিনিধি দল। ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের আক্ষেপ ও দুঃখের কথা কমিশনার স্যারকে জানিয়েছি। তিনি আমাদের কষ্ট বুঝেছেন। হকার ও পথচারী উভয়ের স্বার্থ বিবেচনায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে–এমন আশ্বাস দেওয়া হয়েছে।”
স্মারকলিপিতে হকার্স ইউনিয়ন বলেছে, “গত দুই সপ্তাহ ধরে হকার উচ্ছেদ, ভাঙচুর, মালামাল নষ্ট ও আটকের ঘটনা ঘটছে। ঈদ-উল-আযহাকে সামনে রেখে সাধারণ হকাররা ঋণ করে মালামাল তুলেছেন। এই অবস্থায় পুনর্বাসনের কোনো পরিকল্পনা গ্রহণ ছাড়া উচ্ছেদ অভিযান অব্যাহত থাকলে হকারদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।”
দেশের অর্থনীতিতে অবদান রাখলেও হকারি পেশার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে 'প্রকৃত হকারদের' তালিকা তৈরি, পুনর্বাসন এবং জীবিকা সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন করে আসছেন হকাররা।
নতুন সরকারের কাছে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও তুলে ধরা হয় স্মারকলিপিতে।
একইসঙ্গে সড়ক উন্মুক্ত রেখে ফুটপাতের নির্ধারিত অংশে শৃঙ্খলার সঙ্গে হকারি করার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় নির্দেশনা দিলে তা মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।