২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী: পুলিশ তুলে নিয়ে গুলি করে, লাশ নিয়ে চলে যায়

“পরে জানতে পারি, যিনি গুলি করেছেন, তিনি কনস্টেবল আকরাম। আর যাকে গুলি করেছে, তার নাম হৃদয়,” বলেন কাশিমপুর এলাকার বাসিন্দা সোহেল।

ট্রাইব্যুনালে প্রত্যক্ষদর্শী: পুলিশ তুলে নিয়ে গুলি করে, লাশ নিয়ে চলে যায়
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

জুলাই আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গাজীপুরে এক ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে বলে আদালতের কাছে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। 

গাজীপুরের কাশিমপুর এলাকার মো. সোহেল মাহমুদ নামের এ প্রত্যক্ষদর্শী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তার সাক্ষ্য নেয়।

সোহেল মাহমুদ বলেন, গত বছরের ৫ অগাস্ট সকালে তার বাড়ির পাশে শরীফ মেডিকেলের সামনে আন্দোলনে অংশগ্রহণ করতে যান তিনি। ওইদিন কারফিউ ছিল এবং ছাত্রদের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ছিল। আনুমানিক ১২টার সময় তিনি বাড়িতে ফিরে যান। বাড়িতে থাকতেই শুনতে পান, শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এরপর আবার বাড়ি থেকে বের হয়ে শরীফ মেডিকেলের সামনে যান। 

“সেখানে গিয়ে দেখি হাজার হাজার লোক বিজয় মিছিল নিয়ে শরীফ মেডিকেলের দিকে আসছে। উল্টা দিক থেকে মিছিল লক্ষ্য করে পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি চালালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।” 

তিনিসহ কিছু লোক তাদের বাড়িতে আশ্রয় নেন এবং তিনি তার চাচাতো ভাইয়ের বাড়ির ছাদে ওঠেন; আর কিছু লোক তার ভগ্নিপতি হাফিজুর রহমান তপনের রিকশা গেরেজে আশ্রয় নেন বলে সোহেল জানান। 

তিনি বলেন, “রিকশার গেরেজটি আমার বাড়ির পাশেই। ছাদ থেকে দেখতে পাই, কয়েকজন পুলিশ গেরেজ থেকে একজনকে তুলে নিয়ে যায় এবং তাকে আমার বাড়ির সামনের কবরস্থানের কাছে নিয়ে গুলি করে। সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশটিকে থানার দিকে নিয়ে যায়।” 

ওই পুলিশের মধ্যে ওসি আশরাফকে তিনি চিনতে পারেন এবং ডিবির এসিও ছিলেন; তবে তার নাম জানাতে পারেননি সোহেল। 

তিনি বলেন, “পরে জানতে পারি, যিনি গুলি করেছেন, তিনি কনস্টেবল আকরাম। আর যাকে গুলি করেছে, তার নাম হৃদয়। পরের দিন সকালে জানতে পারি, পুলিশ লাশ নিয়ে পালিয়ে গেছে।” 

এ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, অন্যান্য মন্ত্রী, স্থানীয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দায়ী উল্লেখ করে তিনি তাদের সুষ্ঠু বিচার চান। তিনি ছিলেন এই মামলার ৩৮তম সাক্ষী।