০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন: নতুন ‘পর্যবেক্ষণ নীতিমালা’ শিগগিরই

এবারের নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 08:22 AM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার জন্য নীতিমালা প্রায় চূড়ান্ত করে এনেছে নির্বাচন কমিশন।

নতুন নীতিমালা জারি হলে দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধিত ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল হয়ে যাবে। পাশাপাশি আগে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দিয়েছে এমন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন না দেওয়া বিধান রাখা হচ্ছে।

‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ এক সপ্তাহের মধ্যে জারি করার সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন। 

সোমবার তিনি বলেন, “একই সময়ে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক নীতিমালাও হয়ে যাবে।”

এবারের নীতিমালা অনুযায়ী আগামী নির্বাচনে পর্যবেক্ষক হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের জন্য নতুন নীতিমালায় কার্ড পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

আগে ভোটের তিন দিন আগে সাংবাদিক কার্ডের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং অফিসারের কাছে আবেদন করার বিধান ছিল; এবার তা বাড়িয়ে এক সপ্তাহ আগে করার সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সংবাদকর্মীদের জন্য নীতিমালায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জারি করা ২০২৩ সালের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ওই সময়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে দেওয়া নিবন্ধনও অকার্যকর হয়ে যাবে। ২০২৩ সালের নভেম্বরে ৯৬টি দেশি সংস্থা নিবন্ধন পেয়েছিল।

তিনি বলেন, “পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে বাড়িয়ে এইচএসসি করার প্রস্তাব রয়েছে। আলোচিত সবশেষ তিনটি নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে  পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিয়েছিল তাদের নিবন্ধন না দেওয়ারও বিধান রয়েছে।”

নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা জারি হলে সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নীতিমালা মেনে আবেদন করতে হবে আগ্রহীদের। 

এরপর যাচাই-বাছাই শেষ করে ইসি সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিষয়ে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে।

কারো বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা নিষ্পত্তি করে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয় কমিশন।

পুরনো খবর

সংসদ নির্বাচন: এবার এইচএসসি পাস ছাড়া পর্যবেক্ষক নয়

দ্বাদশ সংসদ নির্বাচন: স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান নামল অর্ধেকে

৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন পর্যালোচনা করছে ইসি

'আন্তর্জাতিক মানের' ভোটে সহায়তা দিতে চায় ইইউ