কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে যাত্রাবাড়ী থানার নিয়ন্ত্রণ নিল পুলিশ
যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শহীদ ফারুক এবং সায়েদাবাদ সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে।
রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীদের হাত থেকে অবরুদ্ধ যাত্রাবাড়ী থানার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে চারটা পর্যন্তও যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শহীদ ফারুক এবং সায়েদাবাদ সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ওই সময় পুরো এলাকা গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দে মুহুর্মুহু কেঁপে ওঠে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে সর্বাত্মক অসহযোগের প্রথম দিন সকাল ১০টা থেকে যাত্রাবাড়ী থেকে রায়েরবাগ এলাকার সড়কে বিক্ষোভকারীদের অবস্থান নেয়। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
শুরুর দিকে আন্দোলনকারীদের সংখ্যা কম থাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
পরে শনির আখড়া, রায়েরবাগ থেকে আরো আন্দোলনকারী এসে এই এলাকায় প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে যায়।
এরপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে একদল আন্দোলনকারী লাঠি সোঁটা হাতে পুলিশকে ধাওয়া দেয়। ফলে পুলিশ সদস্যরা যাত্রাবাড়ী থানার মূল ফটক বন্ধ তরে ভেতরে ঢুকে অবস্থান নেয়। এই সময় পুলিশ থানার ভেতর থেকে মাইক ব্যবহার করে জনসাধারণের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এরপর থানার সামনে কয়েক হাজার আন্দোলনকারী সড়ক অবরোধ করে অবস্থান নেয়। অনেককে পুলিশের জলকামানের ওপরে উঠেও অবস্থান নিতে দেখা যায়।
এর পর থানার ভেতর থেকে পুলিশ রাবার বুলেট, কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েলে আন্দোলনকারীরা সরে যায়। পরে কিছুটা দূরে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শহীদ ফারুক এবং সায়েদাবাদ সড়কে এসে অবস্থান নেয়।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে যেসব এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা হয়, তার একটি যাত্রাবাড়ী। ১৭ জুলাই থেকে সহিংসতা শুরু হয়, চলে ২১ জুলাই পর্যন্ত। সহিংসতায় মৃত্যুর একটি বড় অংশই এই এলাকায় হয়েছে। সেখানে এক পুলিশ সদস্যকে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটে।
