২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫৭ বিচারপতির অপসারণ দাবি’ বিএনপির নয়

৫৭ বিচারপতির অপসারণ দাবি করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন।

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 09:34 PM

Updated : 26 Aug 2026, 10:12 AM

সাধারণ আইনজীবীদের ব্যানারে সংবাদ সম্মেলনে এসে ৫০ জন বিচারপতির অপসারণের যে দাবি করা হয়েছে, তা নাকচ করে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বলছে, এ দাবি তাদের নয়।

শুক্রবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মহাসচিব কায়সার কামাল যৌথ বিবৃতিতে এ কথা তুলে ধরেন। 

সাধারণ আইনজীবীদের ব্যানারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি ও হাই কোর্ট বিভাগের ৫০ বিচারপতির অপসারণ দাবি করা হয়। 

অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। 

মামুন মাহবুবের বিচারপতি অপসারণ দাবি করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন। তিনি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচার দাবি করেন।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, শাহ আহমেদ বাদল, গোলাম রহমান, ইউসুফ আলী, আশরাফুল ইসলাম, ও তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

তবে ওই সংবাদ সম্মেলনটি বিএনপির নয় দাবি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুক্রবার বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মামুন মাহবুবের সংবাদ সম্মেলনের বরাত দিয়ে ৯ অগাস্ট বিভিন্ন জাতীয় প্রিন্টিং, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় শিরোনাম হিসেবে ‘৫০ জন বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা’। সংবাদটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দৃষ্টিগোচর হয়েছে। 

এতে বলা হয়েছে, “প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ ধরনের কোনো সংবাদ সম্মেলন করেনি বা এ ধরনের সংবাদ সম্মেলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসনে বিশ্বাসী।” 

এই ধরনের বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।

ফোরাম নেতারা বলেন, সংবাদ সম্মেলনের বক্তব্য দেওয়া সৈয়দ মামুন মাহবুব বিএনপির কোনো অঙ্গ, সহযোগী কিংবা পেশাজীবী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী এমনকি সমর্থকও ছিলেন না। 

তাদের ভাষ্য- সুতরাং ওই ব্যক্তির কোনো বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বক্তব্য নয়। উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্য নিছকই সৈয়দ মামুন মাহবুবের ব্যক্তিগত। এর দায়ভার কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নয়।

ফোরামে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা বিচার বিভাগেরও সংস্কার চাই। তবে যিনি হাই কোর্টের ৫০ বিচারপতি পদত্যাগ দাবি করেছেন, সেই দাবির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

“এই সংবাদ সম্মেলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সুপ্রিম কোর্ট বার গড়তে চাই।”

আরও পুড়ন

৫৭ বিচারপতির অপসারণ দাবি