১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী জানাজায় অংশ নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 03:12 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

প্রবীণ আইনজীবী, আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা হল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। 

রোববার দুপুর পৌনে ২টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এই জানাজা হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বিপুল সংখ্যক আইনজীবী তাতে অংশ নেন। 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ২০১৬–২০১৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রয়াতের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইউসুফ হোসেন হুমায়ুনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন আদালতের কার্যক্রম বন্ধ রাখা গয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ইউসুফ হোসেন হুমায়ুন ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।