Published : 30 Apr 2026, 12:19 PM
সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
জামিন চেয়ে আইভীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয়।
আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, “আজকে মহামান্য আদালত সেলিনা হায়াৎ আইভীর দুটি মামলার জামিন মঞ্জুর করেছেন। তবে আরও মামলায় তিনি গ্রেপ্তার থাকায় এখনই তার মুক্তি মিলছে না।”
আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন ওই দুই মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলা দুটিতে আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল তা মঞ্জুর করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
এরপর ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ৯ নভেম্বর ওই পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পান আইভী। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়।
এরপর চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায়।
হাই কোর্ট যেদিন আইভীকে পাঁচ মামলায় জামিন দেয়, সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ১৮ নভেম্বর তা মঞ্জুর করে আদালত।
ওই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট। এবারও সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ।
চেম্বার আদালত ৫ মার্চ হাই কোর্টের জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।
এদিকে দ্বিতীয় দফায় পাঁচ মামলায় জামিন আদেশ হওয়ার পর আইভীকে সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা পরে মঞ্জুর হয়।
গ্রেপ্তার দেখানোর ওই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি রিট আবেদন করেন আইভীর আইনজীবীরা। তার শুনানি করে গত ২৬ এপ্রিল আদালত আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে।
সেই সঙ্গে আইভীকে একের পর পর এক মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।