বিশেষ ‘ক্যাডার’ বা ব্যক্তির প্রতি আনুকূল্য নয়: দুদক
বহুদিনের অভিযোগ নিয়ে নতুন কমিশন তাদের অবস্থান জানাল ডিজির মাধ্যমে।
প্রশাসনের বিশেষ ‘ক্যাডার’ বা ব্যক্তির প্রতি দুদক কোনো রকম আনুকূল্য দেখাবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “আমলাতন্ত্রের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”
দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি ও দুর্নীতি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দুদকের ভূমিকা নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে। তাদের ভাষ্য, দুদকের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবে প্রভাবিত।
‘বিশেষ ক্যাডারের’ সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানেও ‘বিশেষ আনুকূল্য দেখানোর’ অভিযোগও রয়েছে দুদকের বিরুদ্ধে।
এসব অভিযোগ নিয়েই নতুন কমিশন তাদের মতামত দুদকের ডিজির মাধ্যমে জানাল।
আক্তার হোসেন বলেন, ''টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্যমতে ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।''
সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ যার বিরুদ্ধে আসবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুদকের ডিজি বলেন, ''এ পরিপ্রেক্ষিতে কমিশন এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।''
তিনি বলেন, ''এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। আপনাদের মাধ্যমে কমিশন প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।''
২০০৪ সালে টিআইবির খসড়ার ওপর ভিত্তি করে তৎকালীন চারদলীয় জোট সরকার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ প্রণয়ন করে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা হিসেবে দুদক গঠন করা হয়।
প্রথম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি সুলতান হোসেইন খান। তবে এ কমিশন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়।
পরবর্তী সময়ে আরও পাঁচটি কমিশন গঠিত হয়, যেগুলোর চেয়ারম্যান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, বদিউজ্জামান, ইকবাল মাহমুদ এবং মেয়াদ শেষের আগেই বিদায় নেওয়া মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
এসব কমিশনের কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য নেই, বরং বিভিন্ন সময়ে নানা প্রশ্ন সামনে এসেছে।
