‘দুর্নীতি’: বেনাপোল কাস্টমসের সেই কর্মকর্তা বরখাস্ত
শামীমা আক্তারকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে দুদক।
যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ‘ঘুষ নেওয়ার দায়ে’ গ্রেপ্তারের পর এবার সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
শামীমা আক্তারকে গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে দুদক।
বৃহস্পতিবার সংস্থাটি তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, “যেহেতু রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদক কর্তৃক গ্রেপ্তার হয়েছেন, যেহেতু সরকার তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করতে প্রয়োজন ও সমীচিন মনে করে, সেহেতু তাকে সাময়িক বরখাস্ত করা হল।”
সাময়িক বরখাস্তকালে শামীমা আখতার খোরপোষ ভাতা পাবেন বলে আইআরডি জানিয়েছেন।
এর আগে ৬ অক্টোবর বিকালে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, “ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় ৭ অক্টোবর সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার, হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।
উপপরিচালক সালাহউদ্দীন বলেন, “যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
আরও পড়ুন
