১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধন সময় বাড়ল, এনআইডি সেবা চলবে সীমিত পরিসরে

ইসি সচিব জানান, তফসিলের পর দেশের ভেতরে ১৫ দিন নিবন্ধন চলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় সোয়া লাখ প্রবাসী; তাদের জন্য নিবন্ধনের সুযোগ এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন। 

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যে কোনো দেশ থেকেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালানোর কথা বলেছিল ইসি।

ইসি সচিব বলেন, “প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।”

সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫০১ প্রবাসী নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭ হাজার পুরুষ, ১৬ হাজারেরও বেশি রয়েছে নারী। 

একক দেশ হিসেবে সর্বোচ্চ ১৮ হাজারের বেশি নিবন্ধন করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে যথাক্রমে রয়েছে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান ও ইতালি।

প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি দেশের মধ্যে (ইনকান্ট্রি পোস্টাল ভোটিং-আইসিপিভি) সরকারি কর্মকর্তা/কর্মচারীরা, ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন এবং পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাবেন।

পোস্টাল ভোটিংয়ের জন্য তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিন দেশের ভেতরে অ্যাপে নিবন্ধন চালু থাকবে বলে জানান ইসি সচিব।

ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করবে ইসি।

‘সাতটি বিষয়’ এনআইডি সেবা চলবে

ভোটার তালিকা চূড়ান্ত করার কাজের অংশ হিসেবে আপাতত সাতটি ‘ফিল্ডে’ এনআইডি সংশোধনের কাজ স্থগিত থাকবে। তবে শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগসহ কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে।

যে সাতটি ক্ষেত্রে সংশোধন স্থগিত থাকবে, সেগুলো হল–ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি।

তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও মোবাইল নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে এই পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে) সংশোধনের জন্য আবেদন করা যাবে বলে ইসি সচিব জানান।

তিনি বলেন, “এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু আছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।”

জরুরি চিকিৎসা, বিদেশে অধ্যয়ন, পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি, চাকরি সংক্রান্ত প্রয়োজনে সীমিত পরিসরে এনআইডি সেবা চালুর বিষয়ে পরিপত্রও জারি করেছে ইসির এনআইডি উইং।

পুরনো খবর

সংসদ ও গণভোট: এবার ভোটার তালিকা মুদ্রণের প্রস্তুতি, ভোটার স্থানান

'তারেক ভোট করতে পারবেন যদি ইসি চায়'

পোস্টাল ভোটিং: কারাগারে ভোটার নিবন্ধনে দুই চ্যালেঞ্জ