শেখ হাসিনার বিরুদ্ধে এবার কাঠমিস্ত্রি হত্যার মামলা
গত ৫ অগাস্ট সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় গুলিবিদ্ধ হন মো. তারিক।
সরকার পতনের দিন ‘পুলিশের গুলিতে’ এক কাঠমিস্ত্রী নিহতদের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
নিহত মো. তারিকের মা মোছাম্মৎ ফিদুশি খাতুন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন।
বিচারক ফারাহ দিবা ছন্দা বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মো. লিটন মিয়া জানান, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহামুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাত, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত ডিআইজি হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নাম মামলায় আসামির তালিকায় রাখা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, গত ৫ অগাস্ট সন্ধ্যা সোয়া ৭ টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শেরে নগর বাংলা নগর থানার সামনে পশ্চিম আগারগাঁও চৌরাস্তায় ওঠার সময় পুলিশের ছোঁড়া গুলিতে মো.তারিক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চার দিন পর ৯ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় তারিক মারা যান।
তারিকের পেটে চারটি এবং হাতে একটি গুলি লাগে বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ নিয়ে মোট ১৫টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।
