Published : 30 Oct 2025, 07:01 PM
আগামী বছরের এসএসসি পরীক্ষা যারা দেবেন, তাদের ফরম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে।
ফরম পূরণ শুরু করতে এর একদিন আগে ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলোকে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে বলছে শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এসএসসির নির্বাচনি পরীক্ষা হবে, আর ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ ডিসেম্বর থেকে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের এসএসসির ফরম পূরণ শুরু হবে। অন্যান্য শিক্ষা বোর্ডগুলোও একই চিঠি পাঠাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।”
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় প্রথমে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল। পরে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষাপঞ্জির ওই অংশ সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন ঘোষণা অনুযায়ী, ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা হবে, ফল প্রকাশ হবে ৩০ ডিসেম্বর।
শিক্ষাক্রম পরিবর্তন ও বছরের শুরুতে বই হাতে পেতে দশম শ্রেণির শিক্ষার্থীদের কিছুটা দেরি হওয়ায় প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০২৩ সালে বাস্তবায়ন শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রম। ২০২৪ সালে বিভাগ-বিভাজন উঠিয়ে দিয়ে নবম শ্রেণিতে ওই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়।
ওই শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের মাঝে তুমুল সমালোচনা ছিল, যার একটি বড় অংশ ছিল বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া নিয়ে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকারের পট পরিবর্তনের পর মুহাম্মদ ইউনূসে নেতৃত্বে ওই বছর ৮ অগাস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে ১ সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম ‘বাস্তবায়ন যোগ্য নয়’ ঘোষণা দিয়ে বিভাগ বিভাজন ফিরিয়ে আনার বার্তা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
২০১২ সালের শিক্ষাক্রমের বই পরিমার্জন করে শিক্ষার্থীদের দেওয়ার ঘোষণাও দেওয়া হয় তখন। যে শিক্ষার্থীরা ২০২৪ সালে নবম শ্রেণিতে পড়েছিলেন, তারাও চলতি বছরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে বিভাজিত হয়ে দশম শ্রেণিতে পড়ছেন। তাই প্রথমবারের মত দশম শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে চলতি বছর।
তবে পরিমার্জনে দেরি হওয়ায় বছরের শুরুতেই সব বই হাতে পাননি দশম শ্রেণির সব শিক্ষার্থী। ফেব্রুয়ারি মাসের শুরুতে দশম শ্রেণির বই বিতরণ শেষ হয়।