ভিশন-৭১ ডেভেলপমেন্টের আতিকুর দম্পতির বাড়ি, ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ
দুদকের পৃথকে আবেদনে এ আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা ভিশন-৭১ ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান খানের নামে বনশ্রী ও রামপুরাতে থাকা দুটি ফ্ল্যাট ও জমি এবং গাজীপুরের কালিগঞ্জে থাকা ৯৫২ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
তার স্ত্রী, কোম্পানির পরিচালক নাহিদা ইসলাম নিপার নামে বাড্ডার ছয়তলা বাড়ি এবং সাড়ে তিন কাঠা জমি জব্দেরও আদেশ দেওয়া হয়েছে।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মানসী বিশ্বাস এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
আতিকুর রহমানের আবেদনে বলা হয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর তার সম্পদ বিবরণীতে এক কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের গোপন করেন। ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৩৫ লাখ এক হাজার ১৩৫ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রেখে এবং ৪৭টি ব্যাংক হিসাবে ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত’ ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করেন। ছদ্মবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার অভিযোগে দুদক করেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
আতিকুর রহমান তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তার স্থাবর এসব সম্পত্তি ক্রোক করা প্রয়োজন।
নাহিদা ইসলামের আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থের তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।
