আওয়ামী লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার
পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
রাজধানীর গুলশানে কার্যক্রমের নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলর ঘটনায় গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদেশে বুধবার এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নম্বর-১৬) হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গুলশানের মত গুরুত্বপূর্ণ এলাকায় এতসংখ্যক নেতা-কর্মীর জমায়েতের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকেই ছিল কি না, থাকলেও এ বিষয়ে আগাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না—ঘটনার পর তা নিয়ে প্রশ্ন ওঠে।
ওই মিছিলের পাঁচ দিনের দিন প্রশাসনিক কারণ উল্লেখ করে গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার করা হল।
