২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু কুশ অঞ্চলে জলবায়ু তথ্যের সমন্বিত প্ল্যাটফর্ম করার সুপারিশ

সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বলছেন, তথ্য আদানপ্রদানের জন্য সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা।

হিন্দু কুশ অঞ্চলে জলবায়ু তথ্যের সমন্বিত প্ল্যাটফর্ম করার সুপারিশ

বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হিন্দু কুশ হিমালয়া আঞ্চলিক সম্মেলনে’র সমাপনী অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:34 PM

Updated : 13 Oct 2022, 11:34 PM

হিমালয়ের হিন্দু কুশ অঞ্চলের জলবায়ু পরিবর্তনের গতিপ্রকৃতির তথ্যাবলি সংগ্রহ ও পরস্পরের মধ্যে আদানপ্রদানের জন্য একটি ‘সমন্বিত প্ল্যাটফর্ম’ করার সুপারিশ এসেছে ঢাকায় এক আঞ্চলিক সম্মেলন থেকে। 

বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অঞ্চলের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যের সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে দুদিনের এই সম্মেলন শেষ হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিকল্পনা কমিশনের সহযোগিতায় জার্মানি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড এ সম্মেলন আয়োজন করে। 

“ক্লাইমেট ডেটা: অপরচুনিটিজ ফর রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে ‘হিন্দু কুশ হিমালয়া আঞ্চলিক সম্মেলনে’ মিলিত হন এ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। 

সমাপনী দিনের একটি সেশনে সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান বলেন, আঞ্চলিকভাবে তথ্যের সংগ্রহ, ব্যবস্থাপনা ও আদানপ্রদানের জন্য সমন্বিত ডেটাবেজ দরকার। 

“তবে তথ্য আদানপ্রদানের জন্য সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা তৈরি হলে আমরা কাজটা শুরু করে দিতে পারি। হয়ত, সব তথ্য আমরা আদানপ্রদান করতে পারব না। তবে সংবেদনশীল নয়, এমন তথ্যের মাধ্যমে আমরা কাজটা শুরু করতে পারি।” 

তিনি বলেন, “সরকারি তথ্য অনেক আছে। কিন্তু বেশিরভাগ তথ্যে প্রবেশাধিকার নাই। প্রবেশাধিকার নিশ্চিতের দিকেও আমাদের নজর দিতে হবে।” 

ফিদা এ খান বলেন, “সরাসরি তথ্যের আদানপ্রদান যদি সম্ভব না হয়, সেটাকে আমরা প্রডাক্ট হিসাবে তৈরির কাজটা করতে পারি। মানচিত্র, স্যাটেলাইট ছবি- প্রভৃতি এই প্রডাক্টের মধ্যে আসতে পারে।” 

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) দক্ষিণ ও পূর্ব এশিয়া অঞ্চলের কাউন্সিলর হাসনা জসীম উদ্‌দীন মওদুদ অনুষ্ঠানে বলেন, একীভূত ডেটাবেজের স্থানীয় পর্যায় থেকে তথ্য আসার পথ তৈরি করতে হবে। 

“আর নারীদের কেবল প্রবেশগম্যতায় নয়, তাদেরকে নেতৃত্বের জায়গায় আনতে হবে।”