০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক কিশোরীর মৃত্যু

চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ এক কিশোরীর মৃত্যু

ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ ছাত্রী দগ্ধ হওয়ার পর সেখানে রক্ত ও জুতা পড়ে থাকতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 09:21 PM

Updated : 29 Sep 2026, 09:21 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে একজন মারা গেছে।

ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়েছে বলে আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন।

মারা যাওয়া ১১ বছরের আতিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সুলতান মাহমুদ বলেন, চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে লামিয়া ও জিদনীর অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে এ দুজনের চিকিৎসা চলছে।

১৩ বছরের লামিয়ার শরীরে ৫৫ শতাংশ এবং ১৪ বছরের জিদনীর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছে।

এছাড়া এ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছরের সুমাইয়ার শরীরের ১৩ শতাংশ এবং একই বয়সের আছিয়ার ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

গত শনিবার বিকাল ৫টার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয় পাঁচ ছাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, শিক্ষার্থীরা মাদ্রাসার চারতলা ভবনের ছাদে খেলতে যায়। তাদের সঙ্গে খাওয়ার জন্য আখ ছিল। ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার গেছে। অসাবধানতাবশত আখ বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিকট শব্দে ঝলকানি ও আগুন ধরে তারা দগ্ধ হতে পারে।

শুরুতে দগ্ধদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা। পরে ওই রাতেই তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা বিসিক ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেছিলেন, “ছাদে কাঁচা পাতাযুক্ত আখ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আখটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ঝলকানি থেকে আগুনের সৃষ্টি হয়।”

তিনি বলেন, “ভবনের নিচতলায় থাকা গ্যাসের রাইজারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের স্পার্কের সময় গ্যাস লিকেজ থেকে সেখানে বিস্ফোরণ হতে পারে। তবে নিচতলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

দগ্ধ আছিয়া বলেছিল, তারা ছাদে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে একটি শব্দ হয় এবং আগুনের তাপ তাদের গায়ে লাগে।

পুরানো খবর:

ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী