Published : 19 Aug 2026, 08:46 PM
ঢাকার সূত্রাপুরে এক জন পোশাককর্মীকে হত্যা মামলার প্রধান আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, ‘মাদক সেবনে বাধা দেওয়াকে’ কেন্দ্র করে বিরোধের জের ধরে মিতুল ইসলাম নামে ১৮ বছর বয়সি এই পোশাককর্মীকে শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।
মামলায় প্রধান আসামি রাহিম আহম্মেদ রাফি (১৯) তিন দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে জবানবন্দি দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুর রহমান।
মামলার বিবরণী বলা হয়েছে, মিতুল ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় ফয়সাল নামে এক ব্যক্তির তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। গেল ৭ অগাস্ট রাত ১১টার দিকে মার্কেটের ভেতর আসামিদের মাদক সেবন করতে দেখে মিতুল ও তার সঙ্গীরা প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।
তারই জেরে শনিবার রাত ৮টার দিকে মার্কেটে ঢুকে আসামিরা মিতুল ও তার এক সঙ্গীকে মার্কেটের সামনে নিয়ে যায়। তারা মিতুলের ওপর অতর্কিত হামলা চালায়।
রাফি তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে মিতুলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান।
পরে মার্কেটে থাকা লোকজন আহত অবস্থায় মিতুলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলেছে, এ ঘটনায় মিতুলের বাবা রাসেল সরদার পর দিন রোববার রাফিসহ ১০ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাফিসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপর নয় জন হলেন- মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।
রোববার তাদের মধ্যে রাফিকে তিন দিন এবং অপর নয় জনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে নয় আসামিকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রাফিকে কারাগারে পাঠানো হল।